এইমাত্র পাওয়া

নিয়োগ পরীক্ষার আগেই বিদ্যালয়ে প্রার্থী চূড়ান্ত!

সিরাজগঞ্জঃ হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের দুটি শূন্য পদে পরীক্ষার আগেই কাদেরকে নিয়োগ দেওয়া হবে তা চূড়ান্ত হওয়ার অভিযোগ তুলেছেন অন্য প্রার্থীরা। বিদ্যালয়টি সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নে অবস্থিত। মোটা অংকের ঘুষ নিয়ে এ নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এছাড়াও এ ঘটনায় এলাকায় লিফলেট আকারে উড়ো চিঠিও পাঠিয়েছেন কে বা কারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে প্রার্থী চূড়ান্তের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাঁচজন চাকরি প্রার্থী। তারা ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

এদিকে আগামীকাল শনিবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অভিযোগের বিষয়টি নিয়ে তার আগের দিন শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানে মিটিংয়ে বসে স্কুলের ম্যানেজিং কমিটি। সেখানে আলোচনা করে আগামীকাল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, তিনি নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছেন।

সরেজমিনে একাধিক চাকরি প্রার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল শনিবার হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। দুদিন আগে এ পদ দুটিতে আবেদনকারীদের পরীক্ষার তারিখ জানিয়ে প্রবেশপত্র দেওয়া হয়, কিন্তু তারিখ ব্যবহার করা হয় ২৩ ডিসেম্বর। কিন্তু এর আগেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের হয়ে সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম নৈশপ্রহরী পদে আনিছারের ছেলে মো. উজ্জ্বল হোসেন ও আয়া পদে জিয়ার স্ত্রী সাথী খাতুন নামে দুজনের কাছে থেকে মোটা টাকা ঘুষ নিয়ে তাদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি ওই দুই প্রার্থীর ঘনিষ্ঠজনদের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানান তারা।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের জুলাইয়ের ৯তারিখে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী ও আয়া পদে দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরে নৈশপ্রহরী পদে ৭ জন ও আয়া পদে ৮ জন পরীক্ষার জন্য মনোনীত হন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে পদ দুটিতে নিয়োগের জন্য ঘুষ লেনদেনের বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গত বুধবার অনেকটা হুট করেই ৩০ ডিসেম্বর দুপুর ২টায় নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা জানানো হয়। জনকণ্ঠ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.