আমদানি ও যৌথ প্রযোজনায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ছবির আদানপ্রদান হচ্ছে নিয়মিত। নীতিমালা কঠোর হওয়ায় যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ কমে গেলেও আমদানিতে ছবি মুক্তির হিড়িক পড়েছে। যদিও আমদানি-রপ্তানি করা ছবিগুলো যখন সিনেমা হলে মুক্তি পায়, তখন দর্শকের খুব একটা কৌতুহল দেখা যায় না। আর এজন্য একটা ‘সুষ্ঠু সমাধান’-এ আসার প্রস্তাব দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।
বিনিময়ের ভিত্তিতে আসা-যাওয়া ছবিগুলোর ক্ষেত্রে কলকাতার তারকা অভিনেতা দেব চাইছেন, ‘দুই বাংলায় একই দিনে আমদানি কিংবা যৌথ প্রযোজনায় ছবিগুলো যেন মুক্তি দেয়া হয়।’ সেইসঙ্গে জানালেন, বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে তার স্বপ্নের কথা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় দেব তার ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, এখনই সময়, একসঙ্গে এক হয়ে দুই বাংলায় একই দিনে ছবি রিলিজের। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। এই বাংলা ভাষার লোক পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে- তাদের জন্য আমাদের এই লড়াইটা করতে হবে। এবারের লড়াই বাঙালিয়ানার।
শাকিব খান ও জয়া আহসানের প্রসঙ্গ টেনে এনে কলকাতার জনপ্রিয় এই নায়ক বলেন, ‘দুই বাংলায় শাকিব ভাই আর জয়া আহসান কাজ করছেন। আমি চাই সামনের দিনগুলোতে দুই বাংলার শিল্পীদের এই কাজের পরিমাণ ও পরিধিটা আরও বাড়ুক। মূলত সেই স্বপ্ন নিয়েই আমি আজ ঢাকায় এসেছি।’
এসব বক্তব্যের শেষে তিনি জানান বাংলাদেশের একক প্রযোজনার কোনো ছবিতে প্রথমবার তার অভিনয়ের কথা। তিনি অনুরোধ করে বলেন, ২৯ নভেম্বর থেকে ‘পাসওয়ার্ড’ ছবিটি বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে, সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। আর এরপর শাপলা মিডিয়ার ‘মিশন সিক্সটিন’ নামের ছবিতে আমি অভিনয় করতে যাচ্ছি। সব ঠিক থাকলে সেই ছবিটি আগামি রোজার ঈদে মুক্তির সম্ভাবনার কথাও বলেন দেব।
প্রথমবার বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় প্রসঙ্গে দেব আরো বলেন, অনেক আগেই বাংলাদেশের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো প্রস্তাব পাইনি। বেশিরভাগ প্রস্তাব ছিল যৌথ প্রযোজনার। কিন্তু আমি তো চাইছি কমপ্লিট বাংলাদেশের ছবি করতে। কারণ, এই দেশটির প্রতি আমার আজন্ম মুগ্ধতা। অবশেষে শাপলা মিডিয়ার মাধ্যমে সুযোগটা এলো। শুটিং শুরু হবে শিগগির।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল