চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুজ্জামান রাজুসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ও বিত্তিরদাড়ির কামরিয়া পাকশিয়া খালের দুই পাশের কয়েকটি গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
জানা গেছে, গ্রামবাসীর অভিযোগ, স্কুলশিক্ষক রাজুসহ সমিতির কয়েকজন মিলে খালের পাশের লক্ষাধিক টাকা মূল্যের কয়েকটি গাছ কেটে তেঘরী গ্রামের বিভিন্ন জায়গায় রাখেন। পরে বিক্রি করে দেন তেঘরী গ্রামের এক কাঠ ব্যবসায়ীর কাছে।
বিষয়টি চুয়াডাঙ্গা বন বিভাগ জানার পর চুয়াডাঙ্গা রেঞ্জের কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে এসে গাছ কাটার সত্যতা পান। এ সময় তিনি গ্রামের বিভিন্ন জায়গা থেকে সবগুলো গাছ জব্দ করেন।
তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে জানতে পেরেছি। অবৈধভাবে গাছ কাটা হয়েছে এবং রাতেই গাছগুলো সরিয়ে নিতে না পারেন এ জন্য গ্রাম পুলিশ দ্বারা পাহারার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে বন বিভাগের চুয়াডাঙ্গা রেঞ্জের কর্মকর্তা জাকির হোসেন জানান, গাছগুলো আমরা জব্দ করেছি। এগুলো আগামী ডিসেম্বরে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে এবং যারা এই গাছ আত্মসাতের চেষ্টার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।
কামরিয়া পাকশিয়া সমবায় সমিতির সভাপতি অভিযুক্ত স্কুল শিক্ষক রাজু জানান, সমিতির অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় আমরা সমিতির টাকার ব্যবস্থা করার জন্যই কয়েকটা গাছ কেটে বিক্রি করেছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
