ধামরাইয়ে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ২০০ শিক্ষার্থীর বিছানাপত্র পুড়ে ছাই

ঢাকাঃ জেলার ধামরাইয়ে ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে শিক্ষা প্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোয়ার বিছানাপত্র পুড়ে গেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিক্ষার্থীর জানান, ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসার মূল ভবন ছাড়াও প্রতিষ্ঠানটির মসজিদের তৃতীয় তলায় থাকেন ২০০ শিক্ষার্থী। শিক্ষা-কার্যক্রম চলার সময় এ সকল শিক্ষার্থীদের শোয়ার বিছানাপত্র রাখা হয় তৃতীয় তলার সিঁড়ির একটি কক্ষে। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সিঁড়ির ওই কক্ষটিতে আগুন দেখতে পায়। বিষয়টি ধামরাই ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভান।

ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি সালাহউদ্দিন বলেন, এখানকার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও এতিম। আগুনে ২০০ শিক্ষার্থীর বিছানাপত্র পুড়ে যাওয়ায় নতুন করে বিছানাপত্র কেনা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। শীতের মধ্যে তাদের শোয়ার জন্য স্থানীয়দের কাছ থেকে কিছু লেপ-তোষক ধার হিসেবে আনা হচ্ছে। আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.