এইমাত্র পাওয়া

নতুন করে শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবি চরমোনাই পীরের

ঢাকাঃ ইসলামশূন্য শিক্ষা কারিকুলামের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধাশূন্য করার পাঁয়তারা করার অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাচেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানাচ্ছি।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ‘স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরাইলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামশূন্য নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধাশূন্য করার পাঁয়তারা করছে। দেশের অভিভাবকরা এই কারিকুলাম বাতিলের দাবিতে মাঠে নেমেছে। অভিভাবকরা তাদের আদরের সন্তানদেরকে নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। এই অবস্থায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানাচ্ছি।

চরমোনাই পীর বলেন, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের মানুষকে আর্থিক সহায়তা করা ও বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত। আর ইঙ্গ-মার্কিনের সহযোগিতায় ইসরাইল ফিলিস্তিনে ইতিহাসের জঘন্য বর্বরতা অব্যাহত রেখেছে। মুসলিম বিশ্বকে সম্মিলিতভাবে ইসরাইলকে রুখে দিতে হবে। সেমিনারের ৭ দফা ঘোষণা পাঠ করা হয়।

দফাগুলো হলো: ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমি উদ্ধারের জন্য বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, মুসলমানদের পবিত্র স্থাপনা এবং পবিত্র ভূমিসমূহ সুরক্ষার জন্য বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বয়ে সম্মিলিত সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে, বাংলাদেশের সর্বস্তরের ওলামা মাশায়েখ ও বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে গাজার হামাসসহ সকল প্রতিরোধ যোদ্ধার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে, ইসরাইলের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানতে সকল ইসরাইলি ও ইহুদি পণ্য বর্জন করার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া মুসলিম রাষ্ট্রসমূহকে ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে শহীদ, আহত, বাস্তুহারা নিপীড়িত মজলুম মুসলিমদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানানো হয় এবং মসজিদে আকসার সুরক্ষা ও ফিলিস্তিনের ভূমি ইসরাইলের কবল থেকে পুনরুদ্ধারের দায়িত্ব গোটা বিশ্বের সকল মুসলমানদের। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়জীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল হামিদ, অধ্যক্ষ মিজানুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ। এ ছাড়া গুগল মিটে লাইভ বক্তব্য রাখেন ফিলিস্তিন ওলামা পরিষদের প্রধান ড. নওয়াফ তাকরুরি, অডিও বার্তা প্রেরণ করেন ভারত দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী ও পাকিস্তান ওলামায়ে কিরামের মাওলানা ইলিয়াস গুম্মান। এতে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.