এইমাত্র পাওয়া

ঢেলে সাজানোর চেষ্টা চলছে প্রশিক্ষণ বিভাগকে: প্রাথমিকের ডিজি

ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, সরকারের কর্মচারীদের চারভাগের একভাগের চেয়েও বেশি জনবল প্রাথমিক শিক্ষা পরিবারে৷ সংখ্যায় অনেক। সংখ্যায় নয়, কাজের মানদিয়ে আগামীতে এই পরিবার মাথাউঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, যেন সরকারের অন্য বিভাগের চেয়ে এই বিভাগের ভাবমূর্তি আলাদা হয়৷ প্রাথমিক শিক্ষা পরিবারে ৭৮ শ্রেণির পদ আছে। সবাইকে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য লিডারশিপ ট্রেনিং সেন্টার আছে৷ সবাই মিলে চেষ্টা করলে আরও সুন্দর হবে এই পরিবার৷

মঙ্গলবার নবনিযুক্ত পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) গণের ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এসব কথা বলেন।

নবনিযুক্ত ইন্সট্রাক্টরদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, চাকরিকে উপভোগ করতে হবে, সন্তুষ্টি থাকতে হবে৷ সুসম্পর্ক থাকতে হবে কর্মস্থলে। পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখেই এগিয়ে যেতে হবে।

নবনিযুক্ত ইন্সট্রাক্টরদের দায়িত্ব পালনের জন্য মহাপরিচালক আরও বলেন, আজকে থেকে নবনিযুক্ত ইন্সট্রাক্টরদের ঠিকানা পরিবর্তন হয়েছে, নতুন পথ, নতুনভাবে সূচনা হবে। প্রজাতন্ত্রের কর্মচারীর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য আপনারা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের বদলে দিতে হবে৷ একজন প্রশিক্ষক মাস্টার নয় বরং মেন্টর হবেন। প্রাথমিক শিক্ষা পরিবার দুইভাবে ভাগ করা৷ একটি পরিচালনা অপরটি প্রশিক্ষণ। প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক তৈরি করার জন্য প্রাথমিক টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর অবয়ব পরিবর্তন হয়ে যাচ্ছে। ঢেলে সাজানোর চেষ্টা চলছে প্রশিক্ষণ বিভাগকে৷

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) শাহীনুর শাহীন খানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশসহ প্রশাসন, প্রশিক্ষণ, অর্থ, পলিসি এবং অপারেশনস, ইন্টার্নাল অডিট সেল, উপবৃত্তি, তথ্য ব্যবস্থাপনা, পরিকল্পনা ও উন্নয়ন, প্রকিউরমেন্ট, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা।

অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, চলমান শিক্ষার বিকল্প নেই৷ জ্ঞান ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ অপরিহার্য। কোন কিছু অর্জন না করতে পারলে আমরা হতাশ হয়ে যাই এবং সেই অর্জিত বিষয়টি পেয়ে গেলে আরও হতাশ হয়ে যাই। এরচেয়ে হয়তো আরও ভালো কিছু পেতে পারতাম। অথচ দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকলে অর্জিত বিষয়টি নিয়েই আরও ভালো করে এগিয়ে যাওয়া যায়৷

অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ বলেন, মৌলিক প্রশিক্ষণের মহাযজ্ঞ হলো বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান, অনুভূতিমূলক, মনোপেশীজ দক্ষতা উন্নয়ন হবে। প্রশিক্ষণ প্রদান করলেই পরিপূর্ণ হয়না বরং মূল্যায়ন সঠিক হলেই প্রশিক্ষণ পরিপূর্ণ হয়। সামস্টিক ও গাঠনিক মূল্যায়ন সঠিকভাবে করতে হবে৷ মনে রাখতে হবে, প্রশিক্ষণ যেন হয় আনন্দদায়ক।

নবনিযুক্ত ইনস্ট্রাক্টর (সাধারণ) থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) রোমানা খাতুন, বান্দরবান পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) মাহমুদুল হক।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্স পরিচালক, সমন্বয়কসহ ১০১ জন নবনিযুক্ত ইনস্ট্রাক্টর (সাধারণ) উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.