এইমাত্র পাওয়া

বেনজেমার জোড়া গোলেও জয় পেল না রিয়াল মাদ্রিদ

প্রথমার্ধের খেলা প্রায় শেষ হয়ে এসেছিল। রিয়াল মাদ্রিদের একক আধিপত্য বিস্তারের সময়টাতে তখনই ঘটল নাটকীয় ঘটনা। ডি মারিয়া বল নিয়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েছেন। রিয়াল গোলরক্ষক কোর্তোয়া এগিয়ে এসে তাঁকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ফাউল করে বসলেন। রেফারি কোর্তোয়াকে লাল কার্ড দেখালেন ঠিকই কিন্তু পেনাল্টি দিলেন না! পিএসজি খেলোয়াড়দের দাবি ফাউল হলে তো পেনাল্টি-ই। টেলিভিশন রিপ্লেতে দেখা গেল কোর্তায়ার রিফ্লেকশনে ডি মারিয়ার পায়ে তার পা লেগে গেছে। পিএসজি পেনাল্টি তো পেলই না উল্টো ডি মারিয়া বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আসার আগে মার্সেলোকে পেছন থেকে ধাক্কা দেওয়ার অপরাধে হলুদ কার্ড দেখলেন গানা। ফ্রি কিক পেল রিয়াল; লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল, পেনাল্টির তো প্রশ্নই আসে না। নাটক আর কাকে বলে!

ম্যাচে এর চেয়ে বড় নাটকটি হলো খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে। রিয়াল যখন তেড়েফুঁড়ে একের পর আক্রমণে পিএসজির রক্ষণ ছিন্নভিন্ন করে ২-০ গোলে এগিয়ে তখন। ৮১তম মিনিটে হড়বড় করে ফেলা কোর্তোয়াকে ফাঁকি দেন এমবাপ্পে এর মিনিট দু-এক পর দুর্দান্ত এক গোলে ফরাসি ক্লাবটিকে সমতায় ফেরান সারাবিয়া।

এই ম্যাচে দুজনের কথা না বললে নির্ঘাত অন্যায় হবে— দুই দলের দুই গোলরক্ষক; কোর্তোয়া ও নাভাস। দুর্দান্ত সব সেভ করেছেন তাঁরা দুজনই। এই দুই গোলরক্ষক না থাকলে দুই দলই আরও বার কয়েক হতাশায় পুড়তেন নিশ্চিত। এমন সব অবিশ্বাস্য সেভ করেছেন কোর্তোয়া-নাভাসরা সত্যি অসাধারণ। কতবার যে নিজেদের দলকে বাঁচিয়েছেন তারও ইয়ত্তা নেই।

ম্যাচের প্রথম ২০-২৫ মিনিট তো পিএসজি বলতে গেলে পাত্তাই পায়নি রিয়ালের কাছে। নেইমার আর কাভানিকে প্রথমার্ধে বেঞ্চেই রেখেছে পিএসজি। নেইমারকে ছাড়া পিএসজির আক্রমণে খুব বেশি ধার ছিল না। আক্রমণেও তারা যে বেশি উঠতে পেরেছে তাও কিন্তু না। উল্টো রিয়ালের একের পর এক আক্রমণ সামলাতেই পার করেছে প্রথমার্ধের পুরো সময়। প্রথম ২৫ মিনিটে রিয়াল গোলমুখে শট নিয়েছে ৮টি যার ২টি শটই লক্ষ্য ঠিক রেখেছে বেনজেমারা। আর ওই সময়ের মধ্যে পিএসজির গোলমুখে নেওয়া দুটি শটই ছিল বেপথু। রিয়াল মাদ্রিদের আজকের খেলা ছিল ছকে বাঁধা। যখন পাসিং খেলতে হবে তারা খেলেছে। যখন লম্বা পাসে ঝটিকা আক্রমণে উঠতে হবে তারা উঠেছে। যখন আচমকা শটে প্রতিপক্ষের গোলপোস্ট কাঁপিয়ে দিতে হবে তারা দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.