চট্টগ্রামঃ জেলার রাউজানে ২৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের পূর্ব গুজরা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুমতি না নিয়ে এভাবে শিক্ষার্থীদের চুল কেটে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকেরা।
জানা গেছে, চুল কেটে দেয়া ওই শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ের শিক্ষক জহির উদ্দিন দুপুরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নেন। পরে একজন নরসুন্দরকে ডেকে এনে শিক্ষার্থীদের চুল কেটে দেয়া হয়। ঘটনার পর শিক্ষার্থীরা বাড়িতে ফিরলে বিষয়টি অভিভাবকদের চোখে পড়ে।
আবদুল মান্নান নামে এক অভিভাবক বলেন, আমার সন্তানের চুল খুব একটা বড় ছিল না। কিন্তু বিদ্যালয়ে ডেকে নিয়ে আমার সন্তানের চুল আরও ছোট করে কেটে দেয়া হয়। অনুমতি ছাড়া শিক্ষক এমন কাজ করতে পারেন না।
তবে অভিভাবকদের অনুমতি না নেয়ায় দুঃখপ্রকাশ করেছেন শিক্ষক জহির উদ্দিন। তিনি বলেন, বিজয় দিবসের কসরতে অংশগ্রহণের জন্য সবার চুল একই রকম করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহ বলেন, তিনি চুল কেটে দেয়ার বিষয়টি অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জেনেছেন। এটি ঠিক হয়নি। সামনে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
