বরগুনাঃ বিয়ে না হওয়ায় তিন দিনের অনশন ভেঙে প্রাইভেট শিক্ষক আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক ছাত্রীর বাবা।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে বরগুনার তালতলী থানায় আল মামুনকে প্রধান আসামি করে দুই জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুলিশ হেফাজতে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আল মামুনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই ছাত্রী ও এলাকাবাসী।
জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র প্রাইভেট শিক্ষক আল মামুনের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন ওই ছাত্রী। বিয়ে না করলে তিনি আত্মহত্যার হুমকি দেন। কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও আল মামুন ও তার পরিবার বিয়ের বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় নিরুপায় হয়ে অনশন ভেঙে বুধবার রাতে তালতলী থানায় আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রলোভনে ৮ বছর ধরে প্রাইভেট শিক্ষক আল মামুন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এখন বিয়ে না করে টালবাহানা করতে থাকেন। অনশনের খবর পেয়ে শিক্ষক গা-ঢাকা দিয়েছেন। গত তিন দিনেও তার কোন হদিস পাওয়া যায়নি। ৩ দিন পর্যন্ত তাদের বাড়িতে অনশনে থাকার পরও আল মামুন ও তার পরিবার বিয়ের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। বাধ্যহয়ে আমি অনশন ভেঙে ওই ঘটনায় আমার বাবাকে বাদী করে আল মামুনসহ দুই জনের বিরুদ্ধে তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছি।
প্রাইভেট শিক্ষক আল মামুনের বাবা আমির হোসেন জানান, কিভাবে, কার সঙ্গে বিয়ে দেব? ছেলেকেই কোথাও খুঁজে পাচ্ছি না।
মামলার বাদী বলেন, মেয়ের এমন সর্বনাশ হওয়ায় মান-ইজ্জত আর কিছুই রইল না। একেবারে নিরুপায় হয়েই মামলা করেছি। আমি ওই ঘটনার বিচার চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, ধর্ষণের ঘটনায় মামুনসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
