পঞ্চগড়ঃ জেলার আটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন রসেয়া দিনমাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া। গতকাল বুধবার উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য করেন কর্তৃপক্ষ। সেই উদ্দেশে প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ বাড়ি তোড়িয়া ইউনিয়নের কাটালী এলাকা থেকে বাইকে তার প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। বিদ্যালয়ে পৌঁছানোর আগে আকস্মিকভাবে রাস্তা অবরোধ করে এলোপাথারি মারপিট শুরু করেন ওই এলাকার আবুল হোসেন, আব্বাস আলী, বাহারামসহ আরো কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠানে যাওয়ার পথে আবুল হোসেন, আব্বাস আলী, বাহারামসহ কয়েকজন রাস্তা অবরোধ করে গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে। তার পকেটে থাকা পৌনে তিন লাখ টাকা, মোটর সাইকেল, নিয়োগ পরীক্ষার কাগজপত্র, চশমা, পরনের জ্যাকেট নিয়ে নেয়।
এদিকে, অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, নিয়োগ বিষয়ে এলাকার লোকজন মারপিট করেছে শুনেছি। আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, নিয়োগ পরীক্ষা নিয়ে ঘটনা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকগণ জানান, প্রধান শিক্ষকের প্রতি অতর্কিত হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
