দিনাজপুরঃ জেলার ফুলবাড়ীতে নিয়ম না মেনে স্ত্রীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে সুজানের কুঠি রুহুল আমিন দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেকের বিরুদ্ধে। সম্প্রতি এমন অভিযোগ করেছেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কাশেম সরকার।
অভিযোগ করায় ওই শিক্ষককে মারধরের হুমকিও দিয়েছেন সভাপতি ও তার লোকজন। জানা গেছে, উপজেলার সুজানের কুঠি রুহুল আমিন দাখিল মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান অন্য একটি প্রতিষ্ঠানে চলে যাওয়ায় ওই মাদ্রসা সুপারের পদটি শূন্য হয়। পরে ১৭ অক্টোবর মাদ্রাসা পরিচালনা কমিটি জ্যেষ্ঠতার নিয়ম না মেনে সভাপতি আব্দুল খালেকের স্ত্রী শরিফা ইয়াছমিনকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়। স্থানীয়দের ধারণা, নিয়োগ বাণিজ্যের জন্য সভাপতি নিজের স্ত্রীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দিয়েছেন। অভিযোগকারী শিক্ষক আবুল কাশেম সরকার বলেন, আমি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। সভাপতি আমাকে দায়িত্ব না দিয়ে ৭নং ক্রমিকে থাকা তার স্ত্রীকে দিয়েছেন, যা আইনবিরোধী। আমাকে তারা নানাভাবে ভয়ভীতিও দেখাচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, সবার সম্মতিক্রমে আমার স্ত্রীকে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ওই পদের জন্য লালায়িত নই। আইন মেনেছেন কি-না জানতে চাইলে আমি ব্যস্ত আছি বলে তিনি এড়িয়ে যান।
উপজেলা একাডেমিক সুপাভাইজার আব্দুস সালাম জানান, ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান আইনসিদ্ধ হয়নি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
