এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী যে নির্দেশ দিলেন

নিজস্ব প্রতিবেদক।।

বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা চলছে। যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বাংলা ট্রিবিউন।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল ১০টায় বৈঠক হয়। বিকেল ৪টার দিকে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন। তিনি বলেন, নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ বৈঠক বা ক্যাবিনেট মিটিং আর হবে কিনা সেটা এখনই বলা যাবে না।

তিনি বলেন, সরকার যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ আইন বা বিষয় রয়েছে আলোচনার জন্য, তখন ক্যাবিনেট বৈঠক হতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এই তথ্য জানান। সচিব জানান, আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে বিমান চলাচল করতে হলে সেখানকার স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিয়ার চায়না এবং বিআর পাওয়ারজেন লিমিটেডের যৌথ উদ্যোগে এটি নির্মাণ হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেটা স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন, যদিও তা সামান্য। তাই এটাকে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া আজ মন্ত্রিসভা ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’-এর খসড়া অনুমোদন করেছে। পর্যটকদের আকর্ষণ করতে হলে এই নীতিমালার আওতায় পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে সমুদ্রবন্দরের পাশে। কোথায় কোথায় পর্যটনকেন্দ্র হবে সেটা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.