নাটোরঃ জেলার বড়াইগ্রামে শাহেদুল আলম শাহেদ। বয়স তার ২৪ বছর। এক প্রকার সৌখিনতা থেকেই তিনি শুরু করেছিলেন সোশ্যাল কন্টেন্ট (সামাজিক বিষয়বস্তু) তৈরি করা ও তা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা। ক্রমে ক্রমে ব্যাপক সাড়া পাওয়ার পর তিনি ইউটিউবে নিজ নামে খুলে নেন একটি চ্যানেল। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। তিনি শর্ট ড্রামা ও শর্ট ফিল্ম প্রচার করেন ইউটিউবে। বর্তমানে তার তিনটি ইউটিউব চ্যানেল। এ ইউটিউব চ্যানেলে কন্টেন্ট প্রচার করে মাসে আয় হচ্ছে গড়ে আড়াই লাখ টাকা। যা বছরে দাঁড়ায় ৩০ লাখ। নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া দক্ষিণপাড়ায় তিনি প্রতিষ্ঠা করেছেন ছোট্ট এ ইন্ডাস্ট্রিজ। শাহেদ ওই গ্রামের আলাউদ্দিন প্রামাণিকের ছেলে।
সরেজমিনে দেখা যায়, বিনোদন জগতের তরুণ উদ্যোক্তা শাহেদুল আলম শাহেদ তার কার্যালয়ের সামনের সড়কে একটি শর্ট ফিল্ম ধারণ করছেন। সেখানে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, স্কুলজীবন থেকেই অভিনয়ের সঙ্গে তার সম্পৃক্ততা। তিনি প্রাণিবিদ্যা বিভাগ থেকে এ বছর স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন।
শাহেদ বলেন, ‘চাকরির পেছনে না ঘুরে আমি ২০১৫ সাল থেকে ইউটিউবের মাধ্যমে আয় করার পরিকল্পনা গ্রহণ করি। লেখাপড়ার পাশাপাশি ছোট নাটক ও ফিল্ম তৈরি করে তা ইউটিউব চ্যানেলে প্রচার করছি। পাশাপাশি ১৫-২০ জন তরুণ-তরুণী এখান থেকে আয় করছে।
সুস্থ ধারার কন্টেন্ট প্রচারের জন্য ইতোমধ্যে তিনি ইউটিউব কর্তৃপক্ষ থেকে ৩টি অ্যাওয়ার্ড পেয়েছেন। শাহেদুল আলম শাহেদ এর ‘শাহেদ খান’, ‘শাহেদ ফিল্ম’ ছাড়াও ‘শাহেদ ফুড চ্যালেঞ্জ’ নামে রয়েছে আরেকটি ইউটিউব চ্যানেল। এ চ্যানেল সম্পর্কে শাহেদ জানান, গ্রামের মানুষদের জন্য রিয়েলিটি শোর আয়োজন করা হয় ওই চ্যানেলে। যেখানে গ্রামীণ পটভূমির বা গ্রামের ঐতিহ্যবাহী খেলার প্রতিযোগিতার আয়োজন করে ও তা ধারণ করে সেগুলো ইউটিউবে প্রচার করা হয়। এতে করে দর্শক গ্রামের আনন্দ খুঁজে পায়। ওই খেলায় বিজয়ীদের আটা, তেল, সেমাই, নুডুলস্, লবণসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শাহেদ একজন সফল উদ্যোক্তা। তিনি শাহেদের কর্মময় সাফল্য কামনা করেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল জানান, এ ধরনের উদ্যোক্তাকে সরকার সমর্থন করে ও উৎসাহিত করে। চাকরির পেছনে না ঘুরে অনলাইনভিত্তিক উদ্যোক্তা তৈরি হোক এটাই প্রত্যাশা তার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
