দীর্ঘ প্রত্যাশিত ভারত সফর বর্তমানে বঙ্গদেশের ক্রিকেট প্রেমীদের একটা দুঃস্বপ্নের নাম। সাদা পোশাকে টাইগারদের ভরাডুবি নতুন কিছু না, তবে দাদাদের দেশে যেন তার পূর্ণতার প্রাপ্তি ঘটলো। লাল কিংবা গোলাপি সবকিছুতেই মিললো বেদনা, হতাশার নীল রঙ।
ব্যাটসম্যানদের অসহায় আত্নসমর্পণ কিংবা বোলারদের গা-ছাড়া বোলিং যাই বলি না কেন সাদমান-তাইজুলরা ছিলেন উভয় ক্ষেত্রেই এগিয়ে। ভারতীয়দের সাথে বিন্দুমাত্র চোখে চোখ রেখে লড়াইয়ের নজির মেলেনি ইডেন অথবা ইন্দোরে।
তবে, শেষটায় ন্যায় সিদ্ধ পরাজিত সৈনিকের মতো সব দোষ নিজেদের ঘাড়ে নিয়ে বাংলাদেশ অধিনায়ক মমিনুল বলেন, ‘আমাদের মানসিক প্রস্তুতিতে অনেক কমতি ছিলো। সামনে বছরে আমাদের ব্যস্ত টেস্টসূচি রয়েছে, আশা করি আমরা তার পূর্বে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করে নিতে সক্ষম হবো।’
ভারতীয় পেস ত্রয়ীর বিপক্ষে দাড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা। দুই একটা খাপছাড়া ইনিংস ছাড়া সবাই ছিলেন ব্যর্থ।মূলত পেসেই কুপোকাত হয়েছেন মিঠুন-রিয়াদরা। দুই টেস্টেই মিলেছে ইনিংস পরাজয়ের স্বাদ। ইন্দোরে ১৩০ আর ইডেনে ৪৬ রান যোগ হয়েছে ইনিংস পরাজয়ের পাশে। ফলশ্রুতিতে স্বাগতিকরা ২-০ তে জিতেছে সিরিজ।
‘এই সফর থেকে আমাদের জুনিয়র এবং সিনিয়র ব্যাটসম্যানরা শিক্ষা নিবে। আসন্ন সিরিজগুলোতে আমরা আমাদের উন্নতির মাত্রা বাড়াতে পারবো বলে আমি মনে করি। আমরা সচরাচর বছরে খুব একটা টেস্ট খেলার সুযোগ পাই না, কিন্তু ২০২০ সালে আমরা অনেকগুলো ম্যাচ পাবো। তাই, সেখানে আমরা আমাদের উন্নতির প্রতিফলন দেখাতে সক্ষম হবো’ – ম্যাচ শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশের নব্য টেস্ট অধিনায়ক।
গোলাপি বলের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে মমিনুল বলেন, ‘দেখেন প্রস্তুতি ম্যাচের অভাবটা অবশ্যই আমরা টের পেয়েছি। আর যদি বলেন এত দ্রুত আমাদের কি উচিৎ হয়েছে দিবা-রাত্রির টেস্টে অংশ নেয়া? – তাহলে আমি বলবো আজ হোক কাল হোক গোলাপি বলে আমাদের খেলতেই হতো, সেক্ষেত্রে আগে-পরের কিছু নেই বলে আমি মনে করি।’
প্রথম ম্যাচে নির্জীব পারফরম্যান্সের পরে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি মমিনুল। এই বিষয়ে মমিনুল বলেন, ‘দেখুন ব্যক্তিগতভাবে আমি ব্যাট হাতে দলের জন্য কোন অবদান রাখতে পারিনি। আমি আমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করছি, আশা করি অতিশীঘ্রই আমি আবারো পুরোনো মমিনুল হয়ে ফিরে আসতে পারবো।’
‘শুরুর দিকে গোলাপি বল পেসারদের সুবিধা দিলেও নৈশলোকে তা ব্যাটসম্যানদের দিকে ঝুকে পড়ে’- গোলাপি বল প্রসঙ্গে এমনটাই জানান মমিনুল হক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল