এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শিক্ষা বিভাগের প্রধান লে. কর্ণেল (অব.) সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বর্তমান যুগে আমরা গুণগত শিক্ষার জন্য লড়াই করছি। দক্ষতা অর্জনের জন্য লড়াই করছি। আধুনিক যুগের সাথে তাল মেলাতে তাই শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করবে। এই দক্ষতা অর্জনের পাশাপাশি যাদের টাকায় আমরা পড়াশোনা করেছি সে সাধারণ মানুষদের ভুলে যাওয়া যাবে না।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ভুলে যাও তবে মনুষ্যত্ব বলে শব্দটি অভিধানে থাকবে না। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে যেমন গুরুত্ব দেই, গবেষণাকে গুরুত্ব দেই, উন্নয়নকে যেমন গুরুত্ব দেই ঠিক তেমনি আমরা গুরুত্ব দেই মনুষ্যত্বকে, মানবিকতাকে, মানুষের পাশে দাঁড়ানোকে।
সিজেডএম-এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, এমন দায়িত্ব কয়জন পালন করে? কজন এমন আয়োজন করে? বৃত্তিপ্রদানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিগত জায়গাটি অত্যন্ত অনুসরণীয়। প্রকৃত যাদের প্রয়োজন তাদের কাছে বৃত্তির টাকা পৌঁছানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেব। ভবিষ্যতে এই উদ্যোগের পরিধিকে আরও বাড়ানো হলে নজরুল বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে উপাচার্য বলেন, আজকের যারা বৃত্তি প্রাপকদের তাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা এই বৃত্তির টাকা দিয়ে পড়াশুনা করবে, নিজেরা চরিত্র গঠন করবে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। দায়িত্বটা হলো যখন তোমরা নিজেদের জীবনের প্রতিষ্ঠিত ও সফল হবে তখন তোমরা অন্যদের ভুলে যেও না। কারণ আমাদের সমাজের সবচেয়ে করুণ ব্যাপার হলো আমরা অন্যদের ভুলে যাই।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সারাদেশ থেকে ২৫৭০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
