মাদরাসার ৫৫৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত করা হবে। এছাড়াও ২৬ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হবে।
সোমবার (২৫ নভেম্বর) মাদরাসার শিক্ষক-কর্মচারিদের নভেম্বর মাসের এমপিও প্রদানের বিষয়ে অনুমোদন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রথমবারের মতো সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে মাদরাসার শিক্ষক-কর্মচারিদের এমপিও প্রদানের বিষয়ে অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল,সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চর্তুর্থ শ্রেণির কর্মচারিদের এমপিও বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন অনুমোদনে নতুন এমপিও কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। আর প্রতিমাসে অন্তত: একটি সভা করে বেতন-ভাতা প্রাপ্তির আবেদনগুলো পর্যালোচনার মাধ্যমে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নতুন মেমিস সফটওয়ারে এমপিওভুক্ত করতে কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। তাই এখন থেকে প্রতিমাসেই এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষক-কর্মচারীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
