পেঁয়াজ নিয়ে থামছে না তর্ক-বিতর্ক, কমছে না দাম। মাঝখানে একটু কমলেও, আবার নাকি বেড়ে গেছে। পেয়াঁজের ঊর্ধ্বমূল্য নিয়ে জাতীয় সংসদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপহার বক্সে দেয়া হয়েছে পেঁয়াজ। কয়েক ঘণ্টার মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে যায়। অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে উপস্থিত বর-কনে হাতে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বন্ধুরা।
এর আগে কুমিল্লায় এক বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা পাঁচ কেজি পেঁয়াজ উপহার দেন।
এবার দেখা গেলো রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের জন্মদিনে উপহার হিসেবে পেঁয়াজ দিয়েছেন তার ছাত্ররা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক রফিকুজজামান রুমান তার ফেসবুকে লিখেছেন,
‘‘এ খণ শোধ করার নয়!
প্রতি জন্মদিনেই স্টুডেন্টরা বিস্ময়কর সব কর্মকাণ্ড করে। এবারের বিস্ময় সবকিছুকে ছাড়িয়ে গেল।
যথারীতি ক্লাসরুম সাজানো হলো। পাঞ্জাবী, বই ইত্যাদি গিফট করা হলো। শিক্ষক শিক্ষার্থীদের বক্তব্য হলো। এবার কেক কাটার পালা। তার আগে রঙিন কাগজে মোড়ানো একটি মাটির পাত্র আমাকে খুলতে বলা হলো। অনেকগুলো ধাপ পেরিয়ে যখন মূল পাত্রটির মুখ খুললাম, আমি বিস্ময়ে হতবাক! এবং সম্ভবত উপস্থিত সবাই!
পাত্রের মধ্যে কিছু পেঁয়াজ! ভাবা যায়!
গত চারদিন ধরে বাসা থেকে বলা হচ্ছিল পেঁয়াজ লাগবে। কিনিনি। বলেছি, পেঁয়াজ ছাড়াই রান্না হোক। অবশেষে পেঁয়াজ এলো!
যে শিক্ষার্থীর মাথায় এই আইডিয়া এসেছে এবং অতি দুঃসাহস নিয়ে পেঁয়াজ কিনেছে, আমি তার কাছে ঋণী!
বেঁচে থাক জন্মদিন, বেঁচে থাক অকৃত্রিম ভালবাসা, বেঁচে থাক পেঁয়াজ!
যদিও জন্মদিন শেষ হয়, পেঁয়াজ ফুরিয়ে যায়। থেকে যায় শুধু ভালবাসা। শিক্ষার্থীদের এই নিঃস্বার্থ ভালবাসাই পাথেয়।
জীবন সুন্দর, বেঁচে থাকা আনন্দের!’’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
