হলিক্রস কলেজ, নটরডেম কলেজ বা ওয়াইডাব্লিওসিএ স্কুলের মত খ্রিস্টান ধর্মালম্বীদের পরিচালিত দেশের দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩ নভেম্বর সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বৈঠকে সভাপতিত্ব করবেন। নীতিমালার প্রনয়ণ কমিটির একজন সদস্য এডুকেশন বাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের অক্টোবর থেকে নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ওই সময় অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চার্চ-সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের উপপরিচালক মো: এনামুল হক হাওলাদারকে। সদস্যরা হলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু, শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) চন্দ্র শেখর হালদার। সহকারী পরিচালক এ কে এম মাসুদকে করা হয়েছে এ কমিটির সদস্য সচিব। নীতিমালা প্রণয়নে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে এ কমিটি।
এর আগে খ্রিস্টান ধর্মালম্বীদের মাধ্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমিতি গতবছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়নসহ ১০দফা দাবি পেশ করে। এ দাবির প্রেক্ষিতে নীতিমালা প্রণয়নে পদক্ষেপ গ্রহণ করে সরকার।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১৫০০টি শিক্ষা প্রতিষ্ঠান খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০০ কিন্ডারগার্টেন, ২০০ প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ১৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ডিগ্রি কলেজ এবং ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
