ঢাকাঃ ডিসেম্বরেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে। বর্তমানে এই অংশে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলাচল করছে। সময় বাড়িয়ে তা রাত ৮টা পর্যন্ত করা হবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনের সংখ্যাও বাড়বে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মেট্রোরেল সূত্র থেকে এ তথ্য জানা যায়। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই যেসব স্টেশন বাকি রয়েছে সেগুলো খুলে দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরো অংশ চালু করার, যেন নতুন বছর থেকে রাজধানীবাসী আরামে চলাচল করতে পারে।’
মেট্রোরেল পূর্ণাঙ্গ চালু হলে সময়ও বাড়বে জানিয়ে তিনি বলেন, অবশ্যই আমাদের ইচ্ছে আছে পুরোপুরি মেট্রোরেল চালু হলে সময়ও বাড়ানো হবে। তখন রাত ৮টা পর্যন্ত চলবে। আর যাদের পাস আছে তারা সাড়ে ৮টা পর্যন্ত চড়তে পারবেন।
ডিসেম্বরের ঠিক কবে নাগাদ নগরবাসী এই সুবিধা পেতে যাচ্ছেন জানতে চাইলে মোহাম্মদ আবদুর রউফ বলেন, এখনও আমরা নির্ধারণ করিনি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পন্ন করার। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমদিকেই মতিঝিল পর্যন্ত পুরো চালুর আশা করছি।
উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে ১২টি স্টেশন চালু করা হয়েছে। বাকি রয়েছে আরও ৪টি স্টেশন। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকে। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অংশ উদ্বোধন করেন। আর গত ৪ নভেম্বর তিনি উদ্বোধন করেন আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
