ঢাকাঃ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিশির আহম্মেদ নামে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এসময় আদনান এবং হাসান নামের আইডিয়াল কলেজের আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আহতরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা সায়েন্স ল্যাবরেটরি এলাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরেই তারা এমন কাণ্ড ঘটিয়েছেন। গত পরশুদিনও মারামারিতে জড়িয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ধারাবাহিকতায় আজও ঘটনা ঘটেছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বলেন, ‘এ রকম ঘটনা প্রায়ই ঘটে। আমাদের টহল পুলিশ আছে। আজকের ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। আমরা আন্তরিকতার সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ফের যেন শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান, সে বিষয়টি খেয়াল রেখে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ রকম ঘটনা ঘটছেই। এর আগেও শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মারামারির ঘটনা ঘটেছে। সেটাই এ পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। সমাধানের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
