নোবিপ্রবির বাসে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছেন অবরোধকারীরা।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শহর থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনার লক্ষ্যে বাসটি সোনাপুর বাস ডিপো থেকে সুধারাম থানার সামনে যাওয়ার সময় দত্তের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের লুকিং গ্লাস ও জানালার কাচ ভেঙে যায়৷ তবে বাসটিতে শিক্ষার্থী না থাকায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কৃষ্ণচূড়া বাসের চালক আহত না হলেও এ সময় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপো থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে শহরের মাইজদী যাওয়ার পথে সকাল আটটার দিকে দত্তের হাট পেট্রল পাম্প এলাকায় ৮ থেকে ১০ জন লোক বাসের সামনের দিকে এসে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাওসার হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এখনো ড্রাইভার বা কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.