নাটোরঃ বিদায় সব সময়ই বেদনার হলেও কখনো কখনো তা বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায় সংবর্ধনা পেয়েছেন বড়াইগ্রামের বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সরকার। ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষ্যে শিক্ষার্থী ও তার সহকর্মীরা বর্ণিল এই আয়োজন করেন। ফুলের মালা দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে ওই শিক্ষককে বিদায় জানান তারা।
মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রুমেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোনালী খাতুন ও রেহেনা খাতুন, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক আজমা খাতুন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আব্দুল খালেক সরকার বলেন, অবসরে যাওয়ার আগে আমি মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত ছিলাম। তবে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ের দিন আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি অভিভূত। চাওয়ার চেয়ে অনেক বেশি সম্মান পেয়েছি। বিদায়কালে আমি আমার সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রাণভরে দোয়া করি।
এ আয়োজনের মূল উদ্যোক্তা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাইফুল বলেন, আমি স্যারের প্রথমে ছাত্র ও পরে সহকর্মী হয়েছি। বিদায় বড় কষ্টের, আমাকেও একদিন বিদায় নিতে হবে। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের কাছে শিক্ষাগুরুর মর্যাদাকে তুলে ধরতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সন্তানতুল্য শিক্ষার্থী ও সহকর্মীদের রেখে বিদায় নেওয়াটা একজন শিক্ষকের জন্য কষ্টের। বিদায়ের কষ্ট লাঘবের পাশাপাশি শিক্ষক হিসাবে তার যোগ্য সম্মান দিতেই ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
