ঢাকাঃ ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ‘নির্বিচারে’ বেসামরিক লোকদের ওপর নারকীয় হামলা ও ‘হত্যাযজ্ঞের’ পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্বেগ থেকে সোমবার (৬ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি এবং ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের ওপর অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে ১৯৯৪ সালে অবসান ঘটে যাওয়া বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার তুলনা করেছে দেশটি।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা খুম্বুদজো এনতশাভেনি বলেন, ‘তেল আবিবে নিযুক্ত সব কূটনীতিককে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হয়েছে। এদিকে, কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই।’
গত মাসে কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেওয়ার সময় সংঘাতে লিপ্ত উভয়পক্ষকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একই সময় গাজায় বেসামরিক লোকদের সুরক্ষার জন্য সৈন্য মোতায়েনে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত গাজায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশির ভাগই শিশু ও নারী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
