সংস্কৃতির উর্বর ক্ষেত্র মতিহার: রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেছেন, ‘সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে মতিহারের অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। ৬৯’এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা যুদ্ধ এবং আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে মতিহারের সবুজ চত্ত্বর। সংস্কৃতি, সৃজনশীলতা ও গণজাগরণের উর্বরক্ষেত্র মতিহার।’

রাজধানীর তেজগাঁও কলেজের প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে শুক্রবার (২৭ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন ‘ভালোবাসার মতিহার’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘ভালোবাসায় মতিহার দেখা হবে বারবার’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, এককভাবে কোনো উন্নয়ন হয় না। উন্নয়ন একটি সামষ্টিক ধারণা। ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন কিংবা রাষ্ট্রীয় উন্নয়ন; সব ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ভালোবাসার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা মতিহার নামে খ্যাত। সেই প্রীতিময়, স্মৃতিময় মতিহারের নামকে ধারণ করে এর প্রাক্তন শিক্ষার্থীদের যে সম্মেলনটি হচ্ছে, তা একদিকে আমাদের মধ্যে ঐক্য-ভাতৃত্ব যেমন তৈরি করছে, অন্যদিকে তা আমাদের সামনে অগ্রসর হবার প্রেরণাও সঞ্চার করছে।

তিনি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই সংগঠনকে দেখি, তারা ভেতরে ভেতরে একটু দুঃখবোধ করে এই ভেবে যে, আমরা বোধহয় অনেকটা পিছিয়ে পড়েছি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনেক সংগঠন রয়েছে। আজকে ভালোবাসার মতিহারের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান জানাতে চাই, আমরা মতিহারের যারা প্রাক্তনী আছি, আমাদের যেন একটিমাত্র প্ল্যাটফর্ম থাকে। একটি সংগঠনের মধ্যে দিয়ে আমরা সকলে মিলে এক সঙ্গে আনন্দ প্রকাশ করতে চাই, মতিহারের সাংস্কৃতিক ধারাকে তুলে ধরতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভালোবাসার মতিহার’ রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ইউনিটির সভাপতি জি এম মো. শামসুল হুদা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় রাবির অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.