রায়পুরে যে কারণে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে মামলা!

লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরে কলেজপড়ুয়া হিন্দু ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ঝাউডুগি সরকার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক রুপম মজুমদারের (৪৮) বিরুদ্ধে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে হায়দরগঞ্জ বাজারে ওই শিক্ষকের ভাড়া বাসায় ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে রুপমকে আসামি করে রায়পুর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। রুপম একই গ্রামের স্বপন কুমার মজুমদারের ছেলে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। এদিকে, ঘটনার পর থেকে ওই স্কুলশিক্ষক পলাতক রয়েছেন।

তবে মোবাইল ফোনে স্কুলশিক্ষক রুপম মজুমদার বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মেয়েটি আমার জেঠাতো ভাইয়ের মেয়ে (ভাতিজি)। সে ঢাকার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী । গত দুই দিন ধরে আমার মোটরসাইকেলে চড়ে মন্দিরে মন্দিরে ঘুরেছে। আমরা আড্ডা দিয়েছি এবং খাবারও খেয়েছি। কেন এমন মিথ্যা অভিযোগ আনলো বলতে পারছি না।’

কলেজছাত্রীর মায়ের ভাষ্য, ‘স্কুলশিক্ষক রুপম মজুমদার আমার চাচাতো দেবর হয়। আমাদের কলেজপড়ুয়া মেয়েটি পূজার ছুটিতে বাড়িতে বেড়াতে আসছে। এ সুযোগে রুপম মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করিয়ে কৌশলে হায়দরগঞ্জে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন আসার আগেই সে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মোড়ল ও স্কুল কমিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রায়পুরের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক রুপম মজুমদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.