জার্মানিতে বাসস্থান সংকটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকাঃ জার্মানিতে বিশ্ববিদ্যালয়গুলোতে শীতকালীন সেমিস্টার শুরু হয়েছে। কিন্তু বাসস্থান সংকটের কারণে হাজার হাজার শিক্ষার্থী থাকার জায়গা পাচ্ছেন না। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংকট আরও বেশি।

সমস্যার সমাধানে গ্যোটিঙ্গেন শহরের ছাত্র সংগঠন একটি হোটেল ভাড়া করেছে যেখানে শিক্ষার্থীরা হ্রাসকৃত মূল্যে থাকতে পারছেন। তবে শিক্ষার্থীরা সেখানে শুরুর কয়েক সপ্তাহ থাকতে পারেন। মিউনিখে, যেখানে শিক্ষার্থীদের মাসে গড়ে ৭২০ ইউরো (প্রায় ৮৪ হাজার টাকা) বাসা ভাড়া দিতে হয়, সেখানে একটি ক্যাম্পিং সংগঠন শিক্ষার্থীদের কমমূল্যে ক্যাম্প করার সুযোগ দিচ্ছে।

এ বছরের শুরুতে এডুয়ার্ড পেস্টেল রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা জানায়, জার্মানিতে সাত লাখের বেশি অ্যাপার্টমেন্টের অভাব আছে, বিশেষ করে সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের। এছাড়া বাসা ভাড়া নাটকীয়ভাবে বাড়ছে, বিশেষ করে বড় বিশ্ববিদ্যালয় আছে এমন শহরগুলোতে।

জার্মানির ছাত্র সংগঠন ডিএসডাব্লিউ এর প্রধান মাটিয়াস আনবুল এক বিবৃতিতে জানিয়েছেন, বড় শহরগুলোতে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বাসস্থানের অভাব ‘শোচনীয় অবস্থায়’ পৌঁছেছে।

জার্মানিতে শিক্ষার্থীদের জন্য ডিএসডাব্লিউর প্রায় ১হাজার ৭০০ ছাত্রাবাস আছে। এগুলোতে এক লাখ ৯৬ হাজার জনের থাকার সুবিধা আছে। থাকার সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন ৩২ হাজারের বেশি শিক্ষার্থী।

সোফায় ঘুমানো ও দীর্ঘ পথ পাড়ি

বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী মার্লিন এখনও থাকার জায়গা পাননি। তাই তিনি বার্লিনের কাছে তার মা-বাবার বাড়িতে কিছুদিন ও বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা তার খালার বাড়িতে কিছুদিন করে থাকছেন। তিনি বলেন, ‘আমি মাসে ৫০০ ইউরো (সাড়ে ৫৮ হাজার টাকা) ভাড়া দিতে পারবো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, বাড়িওয়ালার কাছ থেকে কোনো উত্তরই পাই না।’

২১ বছর বয়সি আরেক শিক্ষার্থী টালিনা জানান, বাসা ছাড়তে গত আগস্ট মাসে তাকে মাত্র এক মাসের সময় দেওয়া হয়েছিল। তার ক্লাসমেট এলি এখন সাবলেট থাকছেন। কিন্তু এ বছরের মধ্যেই তাকে অন্য জায়গা খুঁজতে হবে। বিষয়টি সহজ হবে না, কারণ বার্লিনে একটি শেয়ারড অ্যাপার্টমেন্টের ঘর ভাড়া এখন প্রায় ৬৫০ ইউরো (প্রায় ৭৬ হাজার টাকা)। গত এক দশকে এই ভাড়া প্রায় দ্বিগুন হয়েছে। গতবছরও এই ভাড়া প্রায় ১০০ ইউরো কম ছিল, বলে মোসেস মেন্ডেলসজোন ইনস্টিটিউট ও ফ্ল্যাটশেয়ার প্ল্যাটফর্ম wg-gesucht.de এর গবেষণায় দেখা গেছে।

জার্মানির কেন্দ্রীয় শিক্ষার্থী ঋণ ও সহায়তা স্কিমের (বিএএফও্যজি) আওতায় বর্তমানে বাসস্থান বাবদ ৩৬০ ইউরো দেয়া হচ্ছে।

বার্লিনের ছাত্র সংগঠনের মুখপাত্র ইয়ানা ইয়ুডিশ ডয়চে ভেলেকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রাবাসে আসন পাওয়ার আবেদন দিন দিন বাড়ছে। এই সংগঠন প্রায় নয় হাজার শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করতে পারে। অপেক্ষমাণ তালিকায় আছে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। থাকার জায়গা পেতে তিন সেমিস্টার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইয়ুডিশ বলেন, ‘অনেক শিক্ষার্থী থাকার জন্য শহরের অনেক বাইরে চলে যাচ্ছেন। তারা দীর্ঘ সময় যাতায়াতের বিষয়টি মেনে নিচ্ছেন।’

আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিপদে

ফ্রি বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল অ্যাফেয়ার্স অন দ্য জেনারেল স্টুডেন্ট কমিটি’ বা এএসটিএর প্রতিনিধি টোমাস শ্মিট বলছেন, এএসটিএর কাছে শিক্ষার্থীদের নিয়ে আসা সমস্যাগুলোর মধ্যে অন্যতম বাসস্থানের অভাব। ‘কিছু শিক্ষার্থী তাদের মা-বাবার কাছ থেকে পাওয়া আর্থিক নিশ্চয়তা ব্যবহার করে থাকার জায়গা ভাড়া নিতে পারছেন। কিন্তু এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি সমস্যা, কেননা বেশিরভাগ ক্ষেত্রে তারা এমন নিশ্চয়তা দিতে পারেন না,’ ডয়চে ভেলেকে বলেন তিনি।

টোমাস শ্মিট চান, নতুন ছাত্রাবাস নির্মাণ ও পুরনোগুলোর সংস্কারের জন্য বার্লিনের সেনেট অর্থ বরাদ্দ দিক। এছাড়া বার্লিনে বাসা ভাড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার পুরনো নিয়মটি আবারও চালু করার পক্ষে তিনি।

জার্মানির ছাত্র সংগঠন ডিএসডাব্লিউর ভাইস সেক্রেটারি জেনারেল স্টেফান গ্রব জানিয়েছেন, গত ১২ থেকে ১৫ বছরে জার্মানিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লাখ বেড়ে ২৯ লাখে পৌঁছেছে। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে বিনিয়োগ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। ‘আমার আশঙ্কা, আমরা একটি দুই শ্রেণির সমাজে পরিণত হতে যাচ্ছি, যেখানে ধনি ব্যক্তিরা চাইলে পড়াশোনা করতে পারবে আর অন্যরা পড়াশোনা করতে পারবে না। এমনটা হলে বিষয়টি বিপর্যয়কর হবে, কারণ তখন কেউ পড়তে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দেবে টাকা, মেধা ও স্মার্টনেস নয়,’ ডয়চে ভেলেকে বলেন তিনি।

সরকারের অঙ্গীকার

জার্মানির কেন্দ্রীয় শিক্ষার্থী ঋণ ও সহায়তা স্কিমের (বিএএফও্যজি) আওতায় বর্তমানে বাসস্থান বাবদ ৩৬০ ইউরো দেয়া হচ্ছে। ছাত্র সংগঠন ডিএসডাব্লিউ চায়, এই বরাদ্দ বাড়ানো হোক। তবে তারা এটিও স্বীকার করছেন যে, মাত্র ১০-১১ শতাংশ শিক্ষার্থী এই স্কিমের সুবিধা পাওয়ার উপযুক্ত।

শিক্ষার্থী, শিক্ষানবীশ ও প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সাশ্রয়ী ভাড়ায় থাকার ব্যবস্থা করতে জার্মানির জোট সরকার ২০২৩ সালের জন্য ৫০০ মিলিয়ন ইউরো ভর্তুকি ঘোষণা করেছে।

গৃহায়ন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের জন্যও এই পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

‘থাকার জায়গা পেতে শিক্ষার্থীদের বয়স্ক মানুষ, ছোট পরিবার, নিম্ন আয়ের মানুষ, শরণার্থী ও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। ফলে আমরা যে সমস্যাটার কথা বলছি সেটি শুধু উচ্চশিক্ষা ব্যবস্থার সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা,’ বলেন ডিএসডাব্লিউর ভাইস সেক্রেটারি জেনারেল স্টেফান গ্রব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.