বিশ্ববিদ্যালয় মানেই হলো সেখানে জ্ঞানের সৃষ্টি হবে: ইউজিসি চেয়ারম্যান

দিনাজপুরঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানের ওপর জোর দিতে অনেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বিশ্ববিদ্যালয় মানেই হলো সেখানে জ্ঞানের সৃষ্টি হবে; অর্থাৎ গবেষণা হবে। দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

মঙ্গলবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত তিন দিনব্যাপী তৃতীয় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩ এবং আইআরটি বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২২-২৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রথম ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো এবং হাবিপ্রবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম আফজাল হোসেন। বক্তব্য দেন আইআরটির পরিচালক ড. এস এম হারুন উর রশিদ, সহযোগী পরিচালক অধ্যাপক ডা. সুলতান মাহমুদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নূর-ই-নাজমুন নাহার প্রমুখ।

উপাচার্য বলেন, একটি দেশের উন্নতির ক্ষেত্রে মানসম্মত গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে বহুমুখী প্রযুক্তি ও পণ্য উৎপাদন এবং রপ্তানি বাড়াতে পারলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এ সময় তিনি হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে ডিজিজ ডায়াগনস্টিক ইউনিট এবং সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট স্থাপনের ঘোষণা দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.