এইমাত্র পাওয়া

১৩ দিনে এসেছে ৭৮ কোটি ডলার রেমিট্যান্স

ঢাকাঃ  সরকারের নানামুখী উদ্যোগেও বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্সের গতি বাড়েনি। গত কয়েক মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও নিম্নমুখী রেমিট্যান্সের প্রবণতা। ডলারের দাম কম হওয়ায় বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ কমে যাচ্ছে। সেই সঙ্গে হুন্ডিসহ অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ আসার প্রবণতা বেড়েছে।

চলতি মাস অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। এতে দৈনিক আসছে ৬ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের মাসের একই সময়ের চেয়ে বেশি। এর আগের মাসের (সেপ্টেম্বর) প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৪ কোটি ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৯০ হাজার ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৩৭ কোটি ৩৭ লাখ ডলার। আর সর্বশেষ সেপ্টেম্বরে আসে ১৩৪ কোটি ডলার, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.