ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নিয়োগ বিধিমালা-২০২৩ বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ারের কাছে স্মারকলিপির অনুলিপি দিয়েছেন সংগঠনের নেতারা।
বুধবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন দুপুর ১২টায় স্মারকলিপিটি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ডিপিই’র ঢাকা বিভাগীয় কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব, সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক এম.এ ছিদ্দিক মিয়াসহ অন্যান্যরা।
সংগঠনের দাবি, এই নিয়োগ বিধিমালা স্মার্ট বাংলাদেশ ও শিশুবান্ধব শিক্ষা ব্যবস্থার অন্তরায়। প্রাথমিকে মোট সরকারি কর্মচারীর তিন ভাগের এক ভাগ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত। এমন বিধির কারণে এই এক তৃতীয়াংশ সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নিয়োগ বিধি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
ফলে এ বিধি বাতিল করে স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা সার্ভিস ক্যাডার সৃষ্টির মাধ্যমে মেধা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ বিধিতে শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সি.ইন.এড-ডিপ.ইন.এড-বি.এড এবং এম.এড ডিগ্রিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অভিজ্ঞতার গুরুত্বও কম দেওয়া হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, একই যোগ্যতায় উন্মুক্ত প্রাথমিকের ২০ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।
তৃনমূলের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী ইন্সটাকটর ইউ.আর.সি পদে পদোন্নতি সুযোগ রাখা হয়নি। ক্যাডারভুক্ত ১০ ক্যাটাগরির ৫১২ পদ ক্যাডার কম্পোজিশন থেকে বাদ দেওয়ার ফলে সেগুলো নন ক্যাডারভুক্ত হয়ে গেছে। এতে অনেকের পদোন্নতির সুযোগ বন্ধ হওয়ার পাশাপাশি মর্যাদা থেকেও বঞ্চিত হবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
