ঢাকাঃ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) কমিটি পুনর্গঠিত হয়েছে। এতে আবারও মাওলানা মাহমুদুল হাসান সভাপতি ও মাহফুজুল হক মহাসচিব নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শায়খ সাজিদুর রহমান, সহ-সভাপতি চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া মইনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক করা হয়েছে মুফতি খলিল আহমেদ কাসেমীকে।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা মিলনায়তনে বেফাকের সম্মেলন এবং সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, সারাদেশ থেকে বেফাকের প্রায় তিন হাজার সদস্য সাধারণ সভায় অংশ নেন। সম্মেলনের শুরুতে বেফাকের গত পাঁচ বছরের প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সভায় বেফাকের মজলিসে শুরা পুনর্গঠিত কমিটির প্রস্তাব উপস্থাপন করলে সাধারণ সভার সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি অনুমোদিত হয়।
পরে বেফাকের ১৫ সদস্যের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের আমেলা এবং ২৮৫ সদস্যের মজলিসে শুরার নাম সাধারণ সভায় ঘোষণা করা হয়।
এদিকে বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ১২টি প্রস্তাব গৃহীত এবং ১০টি নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কারাবন্দি আলেমদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা, জাতীয় শিক্ষাব্যবস্থা থেকে ইসলামবিরোধী ভাবধারা দূরীকরণ এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা প্রভৃতি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
