এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) আয়োজনে গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
জাককানইবিসাসের সভাপতি ফাহাদ বিন সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব রিয়াদের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ হোসাইন শাহীদ, সময় টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ সাদিকুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক জনাব শাহাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানে প্রশিক্ষকরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সংবাদ লেখার কৌশল ও নিয়ম, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ ও সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, টিভি সাংবাদিকতা ও ফিচার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন জাককানইবিসাসের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেটা সাহসিকতা শেখায়, ঠিক ভাবে বাঁচতে শেখায়। সাংবাদিকদের মধ্যে এ ধরনের প্রশিক্ষণ বা কর্মশালা যত বেশি হবে লেখালেখির ক্ষেত্রে দায়িত্ববোধের জায়গা তত বেশি হবে। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ অর্থাৎ স্বাধীন সংবাদপত্র গণতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। কাজেই সংবাদপত্র পরিচালনাকারীদের একটা দায়িত্ব বোধ থাকা দরকার। এটা প্রায়শই তারা ভুলে থাকায় সংকটের চোরাবালি সৃষ্টি হয়।
এছাড়াও উপাচার্য তাঁর তরুণ বয়সে নিজের সাংবাদিকতায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নবীনদের উৎসাহ দিয়েছেন এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পরিচালনা পর্ষদকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে ফাহাদ বিন সাঈদ বলেন, নবীন শিক্ষার্থীদের লেখালেখিতে দক্ষ করে গড়ে তুলতে সাংবাদিক সমিতির এই আয়োজন। গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে একজন মানুষ নিজেকে সমাজ ও রাষ্ট্রের কাছে নিজস্ব মতামত, বিভিন্ন ঘটনা তুলে ধরতে পারে এবং মানুষ কে সচেতন করে গড়ে তুলতে সাহায্য করে। এজন্য একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রয়োজন কোনো সংগঠনে যুক্ত হয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা যা পরবর্তী সময়ে কাজে লাগবে।
সাধারণ সম্পাদক আহসান হাবীব রিয়াদ বলেন, নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতা সম্পর্কে জানানোর জন্য ও সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে আমাদের এ আয়োজন। আমরা চাই শিক্ষার্থীরা সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কিছু জানবে এবং সবার অধিকার আদায়ের কথা বলবে।
এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
