এইমাত্র পাওয়া

শেখ হাসিনা মানেই বেঁচে থাকার আলো: রাবি উপাচার্য

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই বেঁচে থাকার আলো।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বঙ্গবন্ধু ও গণতান্ত্রিক সমাজতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তার (শেখ হাসিনা) ৪২ বছর সময়ে কি দিয়েছেন তা আমরা জানি। ওনার আগামীর কর্মপরিকল্পনার মধ্যে আলোর দিশা আছে। ২০৪১ সালের মধ্যেই আমরা ওনার হাত ধরে আলোকিত বাংলাদেশ নিশ্চিত করবো। আজ যারা আমাদের বিরোধিতা করে তারা আগেও বিরোধিতা করেছে। আগামীতে তারা কী করবে সেটাও আমাদের ভাবতে হবে।

এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না, এখানে মৌলবাদের রাজনীতি করতে দেওয়া হবে না। মুজিব এবং শেখ হাসিনার যে ছবি আঁকা আছে সেই ছবিতেই আছে মানবমুক্তির পথ।

মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশের। আমি কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ করিনি। আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে, কিন্তু আমি কখনো ছাত্র অবস্থায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। আমি যখন দেশের আগামী ১০ বছর নিয়ে চিন্তা করি তখন দল না, চিন্তা করি ব্যক্তি হিসেবে। বিশ্বের বিভিন্ন শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা শেখ হাসিনা ছাড়া কারো মধ্যে দেখি না।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.