চট্টগ্রামঃ স্কুলের ছাত্রদের দিয়ে কাচের গ্লাস টানানোর সময় ভেঙে পড়ে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছে- মাশরাফি, তামিম, মাহতাব, সাদেক ও দাউদ। আহতদের কারও হাতে কারও কাঁধে গ্লাস পড়ে কেটে গেছে। তিনজনের শরীরে সেলাই দেওয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আকতার এ ঘটনা ধামাচাপা দিতে শিক্ষার্থীদের ‘মিথ্যা’ বলার জন্য চাপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক আহত কয়েকজন শিক্ষার্থী জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আকতার নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে ডেকে বলেন, লালদীঘিপাড়ে টেরাকোটা ম্যুরালের ওপর থেকে খুলে পড়া কাচের গ্লাসগুলো স্কুলে নিয়ে এসে একটি কক্ষে রেখে দিতে। তার আদেশ অনুযায়ী ৯-১০ জন শিক্ষার্থী কাচের গ্লাসগুলো বহন করে নিয়ে আসে স্কুলে। একটি গ্লাস এনে কক্ষে রাখলেও দ্বিতীয়টি এনে রাখার সময় পড়ে গিয়ে ভেঙে যায়। এই কাচ কারও হাতে, কারও পায়ে কারও ঘাড়ে পড়ে কেটে যায়। কেউ কেউ রক্তাক্ত হয়।
এ অবস্থায় স্কুলের প্রধান শিক্ষক তাদের একটি কক্ষে নিয়ে প্রাথমিক শুশ্রূষার পর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে ৩ শিক্ষার্থীকে সেলাই দেওয়া হয়। বাকিদেরও প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দিয়ে ছেড়ে দেয়।
একজন অভিভাবক অভিযোগ করেছেন, লালদীঘিরপাড় থেকে স্কুল ভবন কয়েকশ গজ দূরে। বড় বড় কাচের গ্লাসগুলো স্কুলের দপ্তরি কিংবা শ্রমিক দিয়ে আনার কথা। তা না করে শিক্ষার্থীদের দিয়ে এসব কাচ বহন করাটা উচিত হয়নি। এটি করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা এভাবে আহত হলো। আরও বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত। আবার প্রধান শিক্ষক আহত শিক্ষার্থীদের শিখিয়ে দিয়েছেন, যাতে প্রকৃত ঘটনা অভিভাবকদের জানানো না হয়। ফুটবল খেলতে গিয়ে তারা নিজেরা আহত হয়েছে- এমন মিথ্যা বলতে শিখিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মমতাজ আকতারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
