এইমাত্র পাওয়া

যশোর বোর্ডে নতুন সচিব, কলেজ পরিদর্শক পেল দুই বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রায় দুই বছর পর নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইলের লোহাগড়া আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম আব্দুর রহিমকে এ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পেয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মীর সাজ্জাদ আলী এ পদে নিয়োগ পেয়েছেন। এছাড়াও কলেজ পরিদর্শক পেয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সরকারি আজিজুল হক সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হককে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং রংপুর সরকারি কলেজের অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়কে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক করা হয়েছে।

এছাড়াও ময়মনসিংহে শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ শহিদুল্লাহ কাইছার কে গৌরিপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ পরিক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেনকে পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগ পাওয়া দুজনই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। দুজনকে আগামী ১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগ দিতে বলছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

জানা গেছে, চেক জালিয়াতির মাধ্যমে যশোর বোর্ডের আড়াই কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে তৎকালীন সচিব এ এম এইচ আলী আর রেজার বিরুদ্ধে। পরে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে। এরপর ২০২১ সালের ২৩ নভেম্বর তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এরপর সচিব পদটি শূন্য ছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.