নিউজ ডেস্ক।।
ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তবে মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় আমি উদ্বিগ্ন। তিনি বলেছেন, “ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে।” আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী। স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সব সময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। আপনারা অন্য কাকে ভিসা দেবেন, না দেবেন—কিচ্ছু আসে যায় না। আপনারা কোন আওয়ামী লীগ নেতাকে ভিসা দিলেন কিংবা দিলেন না, কোন বিএনপি নেতাকে ভিসা দিলেন কী দিলেন না, এতে কিচ্ছু আসে যায় না, আমরা কিছু মনে করি না। এটি আপনাদের ব্যাপার। কিন্তু কেন গণমাধ্যমের ওপর ভিসানীতি কার্যকর হবে, সেটি আমার বোধগম্য নয়।’
মন্ত্রী বলেন, ‘এটি গণমাধ্যমের সাথে সাংবাদিক থেকে কলামিস্ট যারা যুক্ত আছেন, তারা মনে করছেন এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। অন্য কোনো দেশ আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা সমীচিন নয়। এটি গণমাধ্যমের কর্মীরা, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টরা এটি মেনে নিতে পারে না। আশা করব, তারা বিষয়টি ব্যাখা করবেন।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয়, তখনও ষড়যন্ত্র হয়েছিল। ভারত মহাসাগরে সপ্তম নৌবহর এসে চোখ রাঙিয়েছিল। আজকেও কেউ কেউ চোখ রাঙায়। কিন্তু আমাদের আছেন শেখ হাসিনা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান। এই রক্ত রক্তচক্ষুর সামনে দেশকে এগিয়ে নিয়ে যায়। ’১৪ সালেও ষড়যন্ত্র হয়েছিল। বিএনপি বলেছিল- ভোট করলে সরকার এক মাস টিকবে। আমরা ৫ বছর ছিলাম। ’১৮ সালে বলেছিল, সরকারকে টান দিয়ে ফেলে দেবে। টান দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গিয়েছিল। আমরা এখনও পৌনে ৫ বছর ক্ষমতায়। এখন বলছে, নির্বাচন করতে পারে, কিন্তু ক্ষমতায় থাকতে দেব না। ওতো সহজ না। আওয়ামী লীগ এত সহজে পরাজিত হওয়ার দল নয়।’
এর আগে আজ সকালে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর গত রবিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় সরকারি দল, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর কথা এসেছে। আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
