এইমাত্র পাওয়া

সাভারে শিক্ষক গ্রেপ্তার

ঢাকাঃ সাভারে ১০ম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর পিতা বাদী হয়ে গতকাল রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরে পুলিশ রাতেই সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছেন। ধর্ষণে অভিযুক্ত ওই শিক্ষকের নাম রকিবুল কবির শিপন (৩১)।

তিনি সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার মৃত নুরুজ্জামানের ছেলে। রকিবুল সাভারের দেওগাঁও জয়তুন নেছা হাইস্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহশিক্ষক শিপন প্রায় ৬ মাস ধরে জামসিং এলাকার ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত প্রায় আড়াই মাস আগে প্রাইভেট পড়াতে গিয়ে ওই শিক্ষার্থীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিপন। লজ্জার কারণে বিষয়টি এতদিন গোপন রাখলেও ওই শিক্ষার্থীকে নানাভাবে ব্লাকমেইল করা শুরু করে ওই শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় স্থানীয় জনতা ও রাস্তায় থাকা টহল পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে আত্মহত্যার কারণ জানতে চান।

একপর্যায়ে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি খুলে বললে রাতেই সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর পিতা। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রকিবুল কবির শিপনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় দেওগাঁও জয়তুন নেছা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাকসুদ উল্লাহ মামুন বলেন, শিক্ষক রকিবুল কবির শিপন বখাটে এবং নারী আসক্তি থাকায় তাকে আমাদের স্কুল থেকে কয়েক মাস আগেই চাকরিচ্যুত করা হয়।

ভুক্তভোগী কিশোরী শিক্ষার্থীর বাবা বলেন, প্রতিবেশী ধর্ষক শিপন আমার মেয়েকে প্রাইভেট পড়াতো। খালি বাসা পেয়ে জোরপূর্বক সে আমার মেয়েকে ধর্ষণ করেছে। এখন আবারো আমার মেয়েকে ব্লাকমেইল করায় সে আত্মহত্যার চেষ্টা করে। আমি ধর্ষক শিপনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.