ঢাকাঃ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছে স্কুলেরই শিক্ষার্থীরা। শুধু তাই নয়, সেই প্রধান শিক্ষককে তার কক্ষে তালাবন্ধ করে দরজায় লিখেছে ‘হেড স্যার চোর’।
এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার রাজবল্লভপুর হাইস্কুলে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একদা এলাকার অন্যতম সেরা স্কুল ছিল রাজবল্লভপুর হাইস্কুল। দেশ-বিদেশে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্ররা।
প্রতিবেদন মতে, রাজবল্লভপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সিকান্দর রবিদাসের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। মাস কয়েক আগেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ করেছিলেন কারিগরী শিক্ষার একজন শিক্ষিকা।
এবার উঠল টাকা আত্মসাতের অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি, শারীরিক শিক্ষার জন্য পরিকাঠামো তৈরির নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রধান শিক্ষক। কিন্তু কোনো পরিকাঠামো তৈরি হয়নি।
ছাত্রছাত্রীরা আরও দাবি করেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরত চাইতে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তারা প্রধান শিক্ষককে তার ঘরে তালাবন্ধ করে দরজায় লিখে দেয় ‘হেড স্যার চোর’। এরপর দেখাতে থাকে বিক্ষোভ।
ছাত্রছাত্রীদের অভিযোগ, ‘হেড স্যার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। টাকা ফেরত চাইলে দিচ্ছেন না। উল্টো হুমকি দিচ্ছেন। এই প্রধান শিক্ষকের অপসারণ চাই।’
এই ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুলতে চাননি স্কুলের অন্য কোনো শিক্ষক। তবে স্থানীয় এক বাসিন্দা জানান, একসময় রাজবল্লভপুর স্কুলের খ্যাতি ছিল গোটা জেলায়।
তিনি আরও বলেন, ‘তখন এখানে একাদশ শ্রেণিতে পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের মতো বিষয় পড়া যেত। এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী সারা বিশ্বে খ্যাতির নজির রেখেছে। আজ সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে ভেবে খারাপ লাগছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
