কুষ্টিয়াঃ কুষ্টিয়া সুগার মিলস স্কুলের সহকারী শিক্ষক কবিরুল ইসলামকে মারধর ও লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সুগার মিলস ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লাঞ্ছনার শিকার কবিরুল ইসলাম ওই স্কুলের শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, ‘আমাদের স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলী মাহাবুব দীর্ঘদিন ধরে মাঝেমধ্যেই ড্রেস কোড মানেনা। তাকে একাধিকবার বলার পরেও স্কুল পোশাক বা ইউনিফর্ম পরে স্কুলে আসে না। গত মঙ্গলবারও সে তার ইচ্ছেমতো পোশাক পরে স্কুলে আসে। ড্রেস কোড না মানায় তাকে বকাবকি করেছিলাম। এঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে স্কুলের পার্শ্ববর্তী একটা কোচিং সেন্টারে ওই ছাত্রের বাবা মারকুইস ইসলাম ও তার লোকজন আমাকে এবং আমার শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত ও মারধর করে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ সময় অন্যান্যদের মধ্যে কলেজ শাখার প্রিন্সিপাল মো.মনজুরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল শাহিদা খাতুন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি তারা দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্কুলের ইউনিফর্ম পরার জন্য ছাত্রকে একজন শিক্ষক বকাবকি করতেই পারে। কিন্তু এজন্য শিক্ষকের উপর অভিভাবক হামলা করবে, এটা খুবই দুঃখজনক ঘটনা। কুষ্টিয়া সুগার মিলস স্কুলের সহকারী শিক্ষক কবিরুল ইসলামকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এবিষয়ে অভিযুক্ত জগতি কবরবাড়ি এলাকার জহুর মালিথার ছেলে মারকুইস ইসলামকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
