ময়মনসিংহঃ জেলার ফুলবাড়িয়ায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি শাহিনুর জীবন মল্লিক। কায়দা করে এই বিএনপি নেতাকে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করেছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন মল্লিকের ভাই বিএনপি নেতা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কার্যকরী কমিটির সভাপতির অপসারণ চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ অভিযোগ দেন অভিভাবক সদস্য জালাল উদ্দিন, আকরামুল হোসেন ও আবু সায়েম।
অবসরপ্রাপ্ত শিক্ষক মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ের সুচতুর প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন মল্লিক তাঁর ছোট ভাই জীবন মল্লিককে সভাপতি করতে মরিয়া হয়ে ওঠেন। আশ্রয় নেন ছলচাতুরীর। বিদ্যালয়ের বাইরে প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসকক্ষে বসে গোপনে প্রধান শিক্ষক তাঁর ভাইকে সভাপতি মনোনীত করেছেন। নির্বাচিত তিন অভিভাবক সদস্যের মতামত ছাড়াই রেজুলেশন খাতায় সর্বসম্মতিক্রমে সব সদস্যের উপস্থিতি দেখিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার জিকেএম আনোয়ার হোসেনের সঙ্গে। তাঁর ভাষ্য, কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই একজন বিএনপি নেতা। তাঁর চাকরি আছে আর মাত্র দেড় মাস। তিনি প্রধান শিক্ষক থাকাকালে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের প্রায় সবাই বিএনপি সমর্থিত। এবার অবসরে যাওয়ার আগমুহূর্তে তাঁর ছোট ভাই বিএনপি নেতা জীবন মল্লিককে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করলেন। এই লোক বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।
অভিভাবক সদস্য জামাল উদ্দিন বলেন, ‘কমিটি গঠনের দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসকক্ষে আমরা নির্বাচিত তিন অভিভাবক সদস্য উপস্থিত ছিলাম না। অথচ তারা সভাপতি নিয়োগের রেজুলেশন খাতায় লিখেছেন, সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়েছে। যেখানে তিনজন অভিভাবক সদস্য উপস্থিত নেই, সেখানে কীভাবে সভাপতি মনোনীত করলেন প্রধান শিক্ষক? প্রধান শিক্ষকের কর্মকাণ্ডে আমরা অসন্তুষ্ট। আসামি শাহিনুর জীবন মল্লিককে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়টির সুনাম রক্ষার দাবি জানাচ্ছি।’
তবে প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন মল্লিকের দাবি, বিধি মোতাবেক সভাপতি মনোনীত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘বিদ্যালয়ের কমিটি নিয়ে পলিটিক্যাল (রাজনৈতিক) কিছু সমস্যা রয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
