ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফল অর্জনের জন্য ১০ জন শিক্ষার্থী অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– মো. নাছিমুল হুদা, এস এম শামস্ রহমান, সুমাইয়া সানজানা নিম্মি, নওশীন বিথি, অর্থি নবনিতা, মারিয়া আনিস চৌধুরী, মো. মাহফুজুল ইসলাম, নিতি চাকমা, সুজন সেন গুপ্ত এবং সৈয়দ মোহাম্মদ রাহাতুল ইসলাম।
প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান, সজ্জন ও নীতিবান শিক্ষক-গবেষক।’
বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মো. আখতারুজ্জামান বলেন, ‘এ জাতীয় বৃত্তি ও পুরস্কার দেওয়ার কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনুপ্রাণিত ও উৎসাহিত হবে।’ অধ্যাপক সিতারা পারভীনের মূল্যবোধে উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক, মানবিক, উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. শফিকুল করিম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সিতারা পারভীনের সহপাঠী নাছিমা হায়দার এবং বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
