এইমাত্র পাওয়া

৫ বিভাগে অতিভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্ক।।

দেশের পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (২৬ আগস্ট) বিকেল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

২৬ আগস্ট সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার। আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

২৫ আগস্ট দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ১৪৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.