নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ চলতি বছর নভেম্বর মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই উপজেলায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
রবিবার (১৩ আগস্ট) দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা মানসম্মতকরণ বিষয়ক মতবিনিময় সভা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ, বিভাগীয় এলজিইডি অতিরিক্ত কে এম জুলফিকার আলী, বিভাগীয় পরিচালক মোজাহিদুল ইসলাম বুলেট প্রমুখ।
প্রাথমিক শিক্ষা সচিব ফরিদ বলেন, ‘এ বছর আমরা চ্যালেঞ্জ নিয়েছি। যেকোনো মূল্যে নভেম্বরের মধ্যে প্রতি উপজেলায় প্রাথমিকের সব বই পৌঁছে দিবো। যাতে আগামী পহেলা জানুয়ারি বাচ্চাদের হাতে বই পৌঁছাতে পারি।’
ফরিদ আহাম্মদ বলেন, ‘বছরের শুরুতেই আমরা সময়াবদ্ধ কর্মপরিকল্পনা করেছি। কর্মপরিকল্পনার প্রতিটা কম্পনেন্ট ধরে ধরে আমরা মূল্যায়ন করছি। আমরা তাতে রাইট ট্রাকে আছি।’
ফরিদ আহাম্মদ আরো বলেন, ‘আমরা যেহেতু এবার ক্লাস টু ও থ্রির নতুন বই শিক্ষার্থীদের হাতে দিবো। সেকারণে এটা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। আমাদের নতুন পান্ডুলিপি প্রণয়ন হয়ে গেছে। এবং আমরা টেন্ডার থেকে শুরু করে যে যে প্রক্রিয়ায় যেখানে যতটুক সময়ের মধ্যে যতটুক কাজ দরকার, সেটা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। আমরা সঠিক পর্যায়ে আছি। আমরা আশা করছি চ্যালেঞ্জিং জব হিসেবে এবছর নভেম্বরের মধ্যেই আমরা বই সব উপজেলায় পৌঁছাতে পারবো। যাতে আগামী বছর পহেলা জানুয়ারি একসাথে সব বই কোমলমতিদের হাতে পৌঁছায়।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
