নিজস্ব প্রতিবেদক :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৩ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আইসিটি শিক্ষায় খুব গুরুত্ব দিচ্ছে। প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রান্তিক জনপদে ও আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজের ভাষায় শিক্ষায় জোর দেয়া হয়েছে।
ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট তুরস্কের রাস্ট্রদূত আহমেত আলতাই সেনজিজারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম অদ্রে অজুলে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০ তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। সারা বিশ্বের ১৯৩ দেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
