শোকাবহ আগস্টে শিক্ষকদের নাচ-গান উচিত হয়নি: শিক্ষা কর্মকর্তা

মৌলভীবাজারঃ ‘শোকাবহ আগস্ট মাসে কলেজ শিক্ষকদের এভাবে নাচ-গান করা উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।

শোকের মাস আগস্টে কমলগঞ্জ সরকারি গন-মহাবিদ্যালয়ের শিক্ষকরা হাওরে পিকনিকে গিয়ে নাচ-গান করলে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়। যার প্রেক্ষিতে এ মন্তব্য করেন সামছুন নাহার পারভীন।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) দুপুরে কমলগঞ্জ সরকারি গন-মহাবিদ্যালয়ের শিক্ষকরা হাকালুকি হাওরে পিকনিকে যান। এর একটা ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কলেজের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা গানের তালে তালে নাচছেন।

নুরুল ইসলাম, মিজানুর রহমান, ‘সাইদুর রহমানসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে আগস্টজুড়ে শোকের মাস পালন করা হয়। প্রতিদিন কালো ব্যাজ ধারণ করে কলেজসহ বিভিন্ন দপ্তরে কাজ করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা। আর সেই মাসে একটি কলেজের শিক্ষকরা কীভাবে গান বাজিয়ে হাওরে গিয়ে পিকনিকের নামে নাচ-গান করছেন! এটা খুবই দুঃখজনক’।

পিকনিকে নাচ-গানের বিষয়ে জানতে চাইলে কলেজের প্রভাষক সৈয়দ আশরাফের বলেন, ‘সরকারি কোন বিধি নিষেধ তারা পাননি। শোকের মাসে কি বিয়ে, পিকনিক, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রাখতে হয়! নাচগান বন্ধ রাখার কোন আইন আছে কি?’

কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা বলেন, ‘আমি ঢাকায় আছি। বিষয়টি আমার জানা নেই। শিক্ষকরা ব্যক্তিগতভাবে পিকনিকে যেতে পারে। শোকের মাসে নাচ-গান করা আসলেই দুঃখজনক। ঢাকা থেকে ফিরে বিষয়টি আমি দেখছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.