এইমাত্র পাওয়া

সরাইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, শিক্ষক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইলে ১৩ বছর বয়সের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে সরাইল থানায় মামলা হয়েছে। এই ঘটনায় হাফেজ জুবায়ের হোসেন (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। ওই শিক্ষকের বাড়ি বিজয়নগর উপজেলার পত্তন (মধ্যপাড়া)। গত শনিবার উপজেলার শাহবাজপুর গ্রামের দাওয়াতুল কোরআন হেফজ মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। পুলিশ, মামলা ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার হাফেজিয়া শাখায় অধ্যয়নরত অনেক ছাত্রের মধ্যে নাসিরনগর উপজেলার ১৩ বছর বয়সী ওই ছাত্রের ওপর লোলুপদৃষ্টি পড়ে শিক্ষক জুবায়ের হোসেনের। গত ২৬শে জুলাই লেখাপড়া ও খাওয়া শেষ করে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ঘুমিয়ে পড়ে ছাত্রটি। অন্য ছাত্ররাও তখন ঘুমে আচ্ছন্ন। হাফেজ জুবায়ের ওই ছাত্রটিকে ডেকে ঘুম থেকে জাগিয়ে তার হাত পা টিপে ও শরীর ম্যাসাজ করে দিতে বলেন।

ওস্তাদের হুকুম তামিল করতে ছাত্র জুবায়েরের হাত পা টিপতে থাকে। এ সময় শিক্ষক ছাত্রকে বলাৎকার করে। ওই ছাত্রকে বাহিরে যেতে দেয় না এবং নানা ধরনের ভয়ভীতি দেখায় জুবায়ের।

একই কায়দায় ২৭ ও ২৮শে জুলাইও ছাত্রটিকে বলাৎকার করে। প্রতি শুক্রবার ছাত্রটি বাড়িতে যায়। ২৮শে জুলাই বাড়িতে না যাওয়ায় ছাত্রের খোঁজখবর নিতে মাদ্রাসায় আসেন এক স্বজন। ছাত্রটি তাকে বলাৎকারের পুরো ঘটনা খুলে বলে। পরে ছাত্রের মামা বাদী হয়ে এ ঘটনায় শিক্ষক মো. জুবায়ের হোসেনকে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত শনিবার দুপুরের দিকে শাহবাজপুর থেকে জুবায়ের হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.