জাতীয়করণ: শোকাবহ আগস্টের ১ম দিন কাফনের কাপড় পড়বেন শিক্ষকরা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা শোকাবহ আগস্টের প্রথম দিন মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সকাল ৯টা থেকে কাফনের কাপড় জড়িয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করবেন। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া সোমবার এ কথা জানান।

অন্য দিনের মতো সোমবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সোমবারের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের আল্টিমেটাম দেন শিক্ষকরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, তাদের দাবির প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে। এ জন্যই তিনি জাতীয়করণের লক্ষ্যে দুটি কমিটি গঠন করে দিয়েছেন। এখন তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে শর্তহীন পাঁচ মিনিটের সাক্ষাৎ চান।

বিটিএ সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, ‘আশা করছি, সোমবার রাতের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সুখবর পাবো। যদি না পাই, তাহলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশনে যাবো।’

এদিকে, শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন জেলার ব্যানারে দলে দলে স্লোগান দিয়ে কর্মসূচিতে যোগ দেন শিক্ষকরা। অন্যদিনের তুলনায় এদিন নারী শিক্ষকদের সংখ্যাও তুলনামূলক বেশি ছিল। বিকেলে ৫টার দিকে কর্মসূচি শেষ করেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.