রাজনৈতিক অস্থিরতা হলে নভেম্বরে শিক্ষা কার্যক্রম শেষ ব্যাহত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নভেম্বরের মধ্যে চলতি বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি শেষ করার চেষ্টা চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই সময়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের অনেকটাই অসুবিধা হয়েছে। এখন আমরা এসব অসুবিধা কাটিয়ে উঠছি। আর এখন এই সময়ে নভেম্বরের মধ্যে এ বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি সব শেষ করতে চেষ্টা করছি। আর এই সময়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যহত হবে।

তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা-ধ্বংসলীলা নয়। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে। এতে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

এদিন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৮২ জন সাংবাদিকদের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.