এসএসসি: মেয়ে পাস করলেও ফেল করলেন বাবা

নাটোরঃ বাবা ও মেয়ে একসঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়ে মেয়ে পাস করলেও ফেল করেছেন বাবা।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নাটোরের লালপুরের রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে বাবা ও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় থেকে মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বাবা আব্দুল হান্নান ইলেকট্রনিক ট্রেড থেকে পরীক্ষা দিয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ে ফেল করেছেন। তবে মেয়ে হালিমা খাতুন মানবিক শাখা থেকে জিপিএ ৩.৪০ পেয়ে কৃতকার্য হয়েছেন।

এর আগে আবদুল হান্নান জানিয়েছিলেন, দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হওয়ার পর আর লেখাপড়া করা হয়নি। দারিদ্র্যের বাস্তবতায় নেমে পড়েন সংসার জীবনে। পৈতৃক সূত্রে গোপালপুর রেলগেট এলাকায় একটি দোকানে চায়ের ব্যবসা শুরু করেন তিনি।

তিন সন্তানের জনক হান্নান লোকলজ্জা উপেক্ষা করে ২০২১ সালে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি।

মেয়ে হালিমা জানান, তার বাবার মেধা এবং ইচ্ছা শক্তি আছে। পরিবারের সবার সমর্থনও রয়েছে। তাই এ বয়সেও তার লেখাপড়া করার প্রবল ইচ্ছাটার কারণেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলেও আমরা আনন্দিত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.