জাতীয়করণ: আন্দোলনরত শিক্ষকদের আজই ঘরে ফিরতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আজই বুধবার (২৬ জুলাই) ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমি অবশ্যই বলছি, আজকেই তারা যেন ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে, তাহলে পরে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন। কিন্তু ২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। তাই আজই তাদের ফিরে যেতে বলছি।

বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আপনারা জানেন- বিরোধীদল যেখানে কর্মসূচি করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন?

টানা ১৬ দিনের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচিতে পালন করছেন তারা।

এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে। তবে শিক্ষকরা বলছেন, শোকজ নয়, কঠিন শাস্তি দিলেও দাবি আদায় ছাড়া ক্লাসে ফিরবেন না তারা।

এদিকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। অপরদিকে একই দিন সমাবেশ করবে যুবলীগ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.