পাবনাঃ জেলার ভাঙ্গুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী রানা ও মাগুড়া দাখিল মাদ্রাসার সুপার কে. এম জাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কারণ দর্শানো নোটিশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আদমশুমারিতে ব্যবহৃত ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া উপজেলায় ২য় পর্য়ায়ে মাদ্রাসা ক্ষেত্রে ১ম হতে ৩য় এবং বিদ্যালয় ক্ষেত্রে ১ম হতে ৫ম প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য তালিকা করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব দেওয়া হয়। উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানেরা প্রদত্ত মেধাবীদের তালিকা বিধি মোতাবেক জমা দেন।
কিন্তু উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা ও মাগুড়া দাখিল মাদ্রাসার সুপার কে. এম জাকির হোসেন প্রকৃত মেধাবীদের নামের তালিকা না করে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ট্যাব বিতরণ করেন।
পরবর্তীতে বঞ্চিত মেধাবীদের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান`র নিকট লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। বিষয়টি তদন্ত শেষে মেধাবীদের তালিকায় অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানে বরাদ্দকৃত বিতরণকৃত ট্যাবগুলো ফিরিয়ে নেয়া হয়। পরবর্তীতে যাচাই বাছাই শেষে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।
পাশাপাশি সরকারি বিধি পরিপন্থি কাজ করায় দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা ও মাগুড়া দাখিল মাদ্রাসার সুপারকে এম জাকির হোসেনকে তিন কর্মদিবসের মধ্যে অনিয়ম করার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের পরামর্শক্রমে সরকারি সিধান্তের পরিপন্থি কাজ করায় দুই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
